পুলক সরকার, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে তারুণ্যের উৎসব ও মহান বিজয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
উক্ত দিবস উপলক্ষে তরুণ প্রজন্মকে মাদকবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সুস্থ বিনোদনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গত ১৪ ও ১৬ ডিসেম্বর ব্যাডমিন্টন, দাবা ও ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। জয়পুরহাট জেলার বিভিন্ন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের প্রতিনিধি তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিযোগিতাগুলো প্রাণবন্ত হয়ে ওঠে।
জয়পুরহাট সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এসব প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দাবা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন এন.এ মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রের প্রতিনিধি মোঃ নাফিস ফুয়াদ জাহিন, ব্যাডমিন্টনে প্রথম স্থান অধিকার করেন নতুন জীবন মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রের প্রতিনিধি সিয়াম সাদমান ও আহনাফ তাহমিদ, ক্রিকেট প্রতিযোগিতায় বিজয়ী হন জয়পুরহাট সরকারি কলেজের দল।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিনা মাহমুদা ও জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মিজানুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাকিল আহম্মেদ, সহকারী পরিচালক, জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড তরুণ সমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের সচেতনতামূলক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকলে একটি সুস্থ, সচেতন ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।