আবু রায়হান, মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ
মণিরামপুর উপজেলার সুপরিচিত সামাজিক সংগঠন আলোছায়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদ প্রদান করা হয়েছে। সামাজিক উন্নয়ন, শিক্ষাবৃত্তি প্রদান এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে সংগঠনটি।
২০২৬ সালের প্রাথমিক স্তরের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত আন্তঃস্কুল বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে মোট ৪৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে মেধা তালিকায় উত্তীর্ণ ৬৮ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। তাদের মধ্য থেকে ২০ জন ট্যালেন্টপুল বৃত্তি লাভ করে।
৩১জানুয়ারি শনিবার দুপুর দুই ঘটিকায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সম্মানে কালিবাড়ি শাহিদা সুলতানা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় সনদ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।
আলোছায়া সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, মোঃ আবুল বাসার, ডাঃ মোঃ বাহারুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম (বিসিএস)।
পরিচালনা পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোঃ বিপুল কবির, মৃ্ত্যুঞ্জয় বিশ্বাস, মোঃ কামাল হোসেন, মোঃ সোহেল রানা (সদস্য সচিব), মোঃ শিমুল হোসেন (সহকারী সদস্য সচিব) এবং মোঃ জাকারিয়া (শিক্ষা সচিব)।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকরাও বক্তব্য দেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বক্তারা বলেন, আলোছায়া সমাজ কল্যাণ সংস্থা একটি অরাজনৈতিক ও মানবকল্যাণমূলক সংগঠন, যা সমাজের উন্নয়নমূলক কাজে নিবেদিত। শিশুদের পড়াশোনার পাশাপাশি নৈতিক ও সামাজিক বিকাশ নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মোঃ কামাল হোসেন জানান, আগামী বছর মণিরামপুর উপজেলার ১৭টি ইউনিয়নের সকল বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি প্রকল্প চালু করার পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগ সফল করতে তিনি শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।