সুনামগঞ্জ প্রতিনিধিঃ
এস ডব্লিউ সাগর তালুকদার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৮ সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ছাতক-দোয়ারাবাজারের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে বড় ধরনের পরিবর্তনের আশ্বাস দিয়েছেন।
৮ ফেব্রুয়ারী রোববার বিকেলে ছাতক পৌর শহরের ট্রাফিক পয়েন্টে আয়োজিত এক বিশাল গণমিছিল শেষে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচন ছাতক-দোয়ারাবাজারের ভবিষ্যৎ বদলে দিতে পারে। আপনার একটি মাত্র মূল্যবান ভোট খুলে দিতে পারে একটি নতুন বাংলাদেশের দুয়ার।”
তিনি বলেন, নির্বাচিত হলে ছাতক পৌর শহরে বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা হবে এবং দক্ষিণ ছাতকে উপজেলা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি ছাতক ও দোয়ারাবাজারকে পরিকল্পিত ও আধুনিক মডেল টাউনে রূপান্তরের জন্য কাজ করা হবে।
কলিম উদ্দিন আহমদ মিলন আরও বলেন, “জনগণের উন্নয়ন, মানসম্মত শিক্ষা, আধুনিক স্বাস্থ্যসেবা, যুবকদের কর্মসংস্থান এবং একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করাই হবে আমার প্রধান অঙ্গীকার। উন্নত অবকাঠামো, আধুনিক যোগাযোগব্যবস্থা ও মানবিক সেবার নতুন দিগন্ত তৈরি হবে এই অঞ্চলে।”
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস তুলে ধরে তিনি বলেন, “একাত্তরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে স্বাধীনতা অর্জিত হয়েছে, নব্বইয়ের গণঅভ্যুত্থানে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারের পতন হয়েছে এবং চব্বিশে তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার আত্মত্যাগে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। সেই বাংলাদেশ কখনোই রাজাকার উত্তরসূরিদের হাতে তুলে দেওয়া যাবে না।”
দেশের গণতন্ত্র ও নিরাপদ ভবিষ্যৎ রক্ষায় ব্যালটের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ছাতক-দোয়ারাবাজারের সাধারণ মানুষ গণতন্ত্রের পক্ষেই রায় দেবেন বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।
সমাবেশে উপজেলার সকল ইউনিয়ন ও পৌর ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে ছাতক শহর মুখরিত হয়ে ওঠে। মিছিল ও স্লোগানে পুরো শহর প্রকম্পিত হয়।
ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এবং ছাতক পৌর বিএনপির আহ্বায়ক সামছুর রহমান সামছুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।