সুনামগঞ্জ প্রতিনিধিঃ
এস ডব্লিউ সাগর তালুকদার
সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন সুনামগঞ্জ–২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ জেলার প্রশাসনের শীর্ষ দায়িত্বে থাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার ভূমিকা নিরপেক্ষ নয় এবং তিনি দলীয় প্রভাব বিস্তার করে একটি রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার চেষ্টা করছেন।
লিখিত অভিযোগে বলা হয়, গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের সরকারি অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হলেও সেখানে বিএনপির কোনো নেতাকে আমন্ত্রণ জানানো হয়নি। একইসঙ্গে বিভিন্ন সরকারি কর্মসূচিতে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থীদের প্রকাশ্যে পরিচয় করিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও পিআইসি কার্যক্রমে জেলা প্রশাসনের পক্ষ থেকে একতরফাভাবে প্রভাব খাটানো হয়েছে। উপজেলা পর্যায়ের মনিটরিং কমিটি ও পিআইসি কমিটিতে দলীয় বিবেচনায় লোক অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।
এছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রমে জেলা পর্যায়ের কমিটিতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নিজের ঘনিষ্ঠ ব্যক্তিদের প্রভাব বিস্তারের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব ফেলেছেন বলে অভিযোগ আনা হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, ইতিপূর্বে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের বিরুদ্ধে একাধিকবার বিভিন্ন পক্ষ প্রধান নির্বাচন কমিশনের দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করলেও এ বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
অভিযোগপত্রে বলা হয়, সম্প্রতি জামায়াতে ইসলামী ও তাদের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে বৈঠক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশের পর জেলা প্রশাসকের নিরপেক্ষতা নিয়ে আরও প্রশ্ন দেখা দিয়েছে। এতে সুনামগঞ্জ জেলায় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এবং প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখতে সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াকে অবিলম্বে দায়িত্ব থেকে প্রত্যাহারের জন্য প্রধান নির্বাচন কমিশনারের হস্তক্ষেপ কামনা করা হয়।
অভিযোগপত্রের অনুলিপি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে বলেও জানা গেছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।