শান্ত দে দুর্গাপুর উপজেলা প্রতিনিধি
আজ পবিত্র শিব চতুর্দশী। ‘হর হর মহাদেব’ ধ্বনিতে মুখরিত নেত্রকোণার দুর্গাপুরের আকাশ-বাতাস। বিশেষ করে ঐতিহাসিক দশভূজা মন্দির প্রাঙ্গণে বিকাল থেকেই সনাতন ধর্মাবলম্বীদের ঢল নেমেছে। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ লাভের আশায় মন্দিরে মন্দিরে চলছে বিশেষ পূজা, অর্চনা ও জল অভিষেক।
দুর্গাপুরের এই মন্দিরটি অত্র অঞ্চলের অন্যতম ৷ শিব চতুর্দশী উপলক্ষে মন্দিরটিকে বিশেষভাবে সাজানো হয়েছে। ভক্তরা দুধ, ডাব, মধু এবং গঙ্গার জল নিয়ে শিবলিঙ্গে অভিষেক করার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন।
মন্দিরের প্রধান পুরহিত বলেন শিব চতুর্দশী হলো অন্ধকার ও অজ্ঞানতা দূর করার তিথি। আমরা জগতের মঙ্গল কামনায় মহাদেবের আরাধনা করছি। এখানে অত্যন্ত নিষ্ঠার সাথে এই পূজা হয়ে আসছে। এবারও ভক্তদের উপস্থিতি ও ভক্তি দেখে আমরা অভিভূত।
পূজা দিতে আসা অঙ্কি চক্রবর্তী নামের এক তরুণী বলেন
প্রতি বছরই আমি এই তিথিতে উপবাস থেকে বাবার মাথায় জল ঢালতে আসি। এবার দশভূজা মন্দিরের পরিবেশ খুব সুন্দর। নিজের পরিবার আর দেশের মানুষের সুখ-শান্তির জন্য প্রার্থনা করেছি।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট মানেশ সাহা জানান
শিব চতুর্দশী উপলক্ষে আমরা সব ধরণের প্রস্তুতি নিয়েছি। ভক্তদের মিলনমেলায় মন্দির প্রাঙ্গণ মুখরিত। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দির এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, গভীর রাত পর্যন্ত চলবে শিবের মাথায় জল ঢালা ও পুজা অর্চনা ৷
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।