মোঃ ছায়েদ আলী(শ্রীমঙ্গল প্রতিনিধি)
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এক নারীকে অপহরণের চেষ্টার ঘটনায় অভিযুক্ত তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহরণে ব্যবহৃত সাদা রঙের একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (১১ মার্চ) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার পরপরই পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে এবং বিভিন্ন তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— কুলাউড়া উপজেলার শ্রীপুর (নাছিরাবাদ) গ্রামের মতছির আলীর ছেলে মো. জাকির মিয়া (২৬), মৌলভীবাজার সদর থানার সৈয়ারপুর এলাকার আব্দুর রহমানের ছেলে মো. কাওছার আহমদ (৩৪) এবং গুলবাগ (বেরিরচর) এলাকার নুর মিয়ার ছেলে জসিম মিয়া (৩৬)।
পুলিশ জানায়, অপহরণের উদ্দেশ্যে ব্যবহৃত সাদা রঙের একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে এমন অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।