মোঃ নাজমুল হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি :
গণভোটে প্রাপ্ত জনমতের বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গা শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার বিকেলে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
শহীদ হাসান চত্বর থেকে কর্মসূচির সূচনা হয়। এরপর অংশগ্রহণকারীরা প্রিন্স প্লাজা, বড় বাজার ও নিউমার্কেট এলাকার বিভিন্ন সড়ক ঘুরে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। পরে পুনরায় শহীদ হাসান চত্বরে ফিরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান। বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে জনগণ একই তফসিলের অধীনে জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদ গঠনের পক্ষে রায় দেয়। কিন্তু সেই রায় যথাযথভাবে বাস্তবায়ন করা হয়নি বলে তারা অভিযোগ করেন। তারা উল্লেখ করেন, ১১ দলের ৭৭ জন প্রতিনিধি শপথ নিলেও বিএনপি সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করে গণভোটের ফলাফল প্রত্যাখ্যান করেছে।
বক্তারা আরও অভিযোগ করেন, বিরোধী পক্ষ বারবার সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের দাবি জানালেও তা উপেক্ষিত হয়েছে। পরিবর্তে সংসদে সংবিধান বিষয়ক একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা জনগণের প্রত্যাশা পূরণে যথেষ্ট নয় বলে তারা দাবি করেন।
তাদের মতে, সংবিধানের মৌলিক ও কাঠামোগত পরিবর্তন ছাড়া শুধুমাত্র সংশোধনী এনে প্রকৃত সংস্কার সম্ভব নয়। তাই জনরায় বাস্তবায়নের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, সেক্রেটারি মোস্তফা কামাল, নায়েবে আমির আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক হুমায়ুন কবীর, অর্থ সম্পাদক ইমরান আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক মতিউর রহমান মাস্টার, অফিস সম্পাদক যায়েদ আল আনসারীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও ১ নম্বর ওয়ার্ড সভাপতি মাহফুজুর রহমান শামীম, ২ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা নুরুজ্জামান, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি আমিরুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মহিদুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি সোনা মিয়া এবং দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের নায়েবে আমির মঞ্জুরুল আলম লাভলুসহ আরও অনেকে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
গণসংযোগ কর্মসূচিকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় জনসাধারণের মাঝে কৌতূহল ও আলোচনা লক্ষ্য করা যায়। আয়োজকরা জানিয়েছেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।