বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে
মুখরিত জনপদ
শান্ত দে দুর্গাপুর নেত্রকোণা দুর্গাপুর বাঙালির ঐতিহ্য ও শেকড়ের টানে আনন্দঘন পরিবেশে দুর্গাপুরে পালিত হয়েছে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ । দুর্গাপুর উপজেলা প্রশাসন এবং অ্যাডভান্স মডেল স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী বর্ণিল বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, নো দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবী মানুষ। শোভাযাত্রায় ঘোড়ার গাড়ি এবং বাংলার লোকজ ঐতিহ্যের নানা অনুষঙ্গ প্রদর্শন করা হয়।
এদিকে, দুর্গাপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান অ্যাডভান্স মডেল স্কুল প্রাঙ্গণে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। বাঁশের বেড়া এবং রঙিন কাপড়ে সাজানো মঞ্চে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা লোকসংগীত ও নৃত্য পরিবেশন করেন। তবলা, হারমোনিয়াম ও ঢোলের তালে তালে দেশীয় গানগুলো দর্শকদের বিমোহিত করে। শিক্ষার্থীদের পরনে ছিল ঐতিহ্যবাহী লাল-সাদা শাড়ি ও পাঞ্জাবি, যা পুরো স্কুল প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
উপজেলার বিভিন্ন স্থানে বসেছে বৈশাখী মেলা। মেলায় মাটির তৈরি খেলনা, তৈজসপত্র, বাঁশ ও বেতের সামগ্রীর পাশাপাশি বিন্নি চালের খই, মুড়ি-মুড়কি এবং বাতসার পসরা সাজিয়ে বসেন দোকানিরা।
সব মিলিয়ে আনন্দ-উচ্ছ্বাস আর বাঙালিয়ানা ঐতিহ্যের মধ্য দিয়ে দুর্গাপুরে বরণ করে নেওয়া হয়েছে নতুন বছরকে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।