(জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া)
হাতকড়া পরিহিত অবস্থায় বোনের নামাজে জানাজায় অংশ নিলেন আওয়ামী লীগ নেতা ও সাবেক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী।
তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সাবেক ছাত্রলীগ সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় কারাগারে রয়েছেন তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, তাঁর বড় বোন আফিয়া চৌধুরী (৫২) মঙ্গলবার রাতে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বোনের মৃত্যুসংবাদ পেয়ে বুধবার দুপুরে ৬ ঘণ্টার প্যারোলে কারাগার থেকে মুক্তি পান আসাদুজ্জামান চৌধুরী।
পরে পুলিশের কড়া প্রহরায় নাসিরনগর সদর ইউনিয়নের ফুলপুর গ্রামের নিজ বাড়িতে পৌঁছান তিনি। এ সময় স্ত্রী, সন্তান ও স্বজনদের সঙ্গে দেখা করে তাদের সান্ত্বনা দেন।
পরবর্তীতে বাড়ির পাশের ফুলপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত নামাজে জানাজায় অংশ নেন তিনি। জানাজা শেষে পরিবারের সদস্যদের সঙ্গে বোনের কবর জিয়ারত করেন।
আসাদুজ্জামান চৌধুরীর ভাতিজা আশিকুর রহমান চৌধুরী জানান, দুপুর প্রায় ২টার দিকে তাঁকে ছয় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। নির্ধারিত সময় শেষে জানাজা ও দাফন সম্পন্ন করে পুনরায় তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, গত বছরের ৬ আগস্ট নাসিরনগর সদর ইউনিয়নের ফুলপুর মোড় বাজার এলাকা থেকে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয় আসাদুজ্জামান চৌধুরীকে। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।