মোঃ রায়হান মিয়া, কচুয়া চাঁদপুর প্রতিনিধিঃ
রাজধানী ঢাকার ব্যস্ত নাগরিক জীবনের মাঝেও গ্রামের মানুষের আত্মার টান, নাড়ির বন্ধন আর সামাজিক দায়বদ্ধতার এক অনন্য উদাহরণ সৃষ্টি করলো কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের কাদিরখিল সমাজকল্যাণ যুব সংঘ।
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে সংগঠনটির সদস্যদের মিলনমেলার মধ্য দিয়ে শুরু হয় এক ব্যতিক্রমী আয়োজন, যা পরে ধানমন্ডির দ্যা বাফেট এমপায়ার রূপায়ন প্লাজায় আলোচনা সভা, নতুন কমিটি ঘোষণা, সংবর্ধনা ও নৈশভোজের মধ্য দিয়ে শেষ হয়।
পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, পারস্পরিক সৌহার্দ্য, ভবিষ্যৎ পরিকল্পনা আর গ্রামের মানুষের প্রতি ভালোবাসার এক অসাধারণ প্রকাশ। দীর্ঘদিন পর একত্রিত হয়ে সদস্যরা যেন ফিরে পেয়েছিলেন নিজেদের শেকড়কে।
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একে একে জড়ো হতে থাকেন সংগঠনের বর্তমান, সাবেক ও আজীবন সদস্যরা। কেউ এসেছেন কর্মব্যস্ততা শেষে, কেউবা দূর জেলা থেকে, আবার কেউ বিদেশে থাকা সদস্যদের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা নিয়ে।
সবার মুখে ছিল হাসি, হাতে ছিল করমর্দন, হৃদয়ে ছিল আপনজনকে ফিরে পাওয়ার উচ্ছ্বাস। একে অপরের সঙ্গে কুশল বিনিময়, স্মৃতিচারণ, সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা—সব মিলিয়ে ক্যাম্পাস প্রাঙ্গণ পরিণত হয় এক প্রাণের মিলনমেলায়।
পরে ধানমন্ডির দ্যা বাফেট এমপায়ার রূপায়ন প্লাজায় আনুষ্ঠানিক সভা শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াত করেন মাওলানা আলাউদ্দিন সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা শরীফ উল্যাহ বাবুল মুন্সী। উপস্থাপনায় ছিলেন সংগঠনের সহসভাপতি ও আজীবন সদস্য মোঃ রিপন সরকার।
আলোচনা সভায় বক্তারা বলেন, কাদিরখিল সমাজকল্যাণ যুব সংঘ শুধু একটি নাম নয়, এটি গ্রামের মানুষের আশা-ভরসার প্রতীক। এলাকার উন্নয়ন, গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের সহায়তা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং প্রবাসীদের সঙ্গে এলাকার সম্পর্ক সুদৃঢ় করাই হবে সংগঠনের মূল লক্ষ্য।
বক্তারা আরও বলেন, নতুন নেতৃত্বকে দায়িত্বশীলতা, সততা ও ঐক্যের মাধ্যমে সংগঠনকে আরও এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব ছিল নতুন কার্যকরী কমিটি ঘোষণা। আহ্বায়ক সার্চ কমিটির তত্ত্বাবধানে দীর্ঘ আলোচনা ও মতামতের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
এতে সর্বসম্মতিক্রমে—সভাপতি পদে পুনরায় মোহাম্মদ উল্যাহ মুন্সী ও সাধারণ সম্পাদক হিসেবে লিটন দরবেশ এবং সিনিয়র সহসভাপতি হিসেবে সাইফুল ইসলাম ফরহাদ প্রধানীয়াকে নির্বাচিত করা হয়।
নির্বাচিত হওয়ার পর নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের উন্নয়ন, ঐক্য ও মানবিক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
নতুন সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি ও অন্যান্য সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন উপস্থিত সদস্যরা। করতালি আর শুভেচ্ছায় মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।
এসময় অনেকের চোখে ছিল আবেগের ছাপ। কারণ এই সংগঠনের সঙ্গে জড়িয়ে আছে গ্রামের মানুষের ভালোবাসা, স্মৃতি ও ভবিষ্যতের স্বপ্ন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক—নুরুল ইসলাম সিকদার, মোঃ তৌহিদুল পাটোয়ারী,রুবেল মিয়া,উপদেষ্টা পরিষদে ছিলেন—সাবেক সেনা কর্মকর্তা শরিফ উল্লাহ বাবুল মুন্সী,শিক্ষক আলাউদ্দিন সরকার,শাহজালাল মেম্বার,ইসমাঈল সিকদার ও জসিম দেওয়ান প্রমুখ।
আজীবন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নাসির উদ্দিন,মোঃ শাহিন মুন্সী সহ আরো অনেকে।
সংগঠনের সহসভাপতি হানিফ প্রধানীয়ার উদ্যোগে কাউছার সিকদার, হোসেন সরকার মান্নান চৌধুরী, রাসেল প্রধানীয়া, সিপন মুন্সী,কাউছার চৌধুরীর সহযোগিতায় কার্যকরী কমিটির সদস্যদের প্রত্যেককে উপহারস্বরূপ একটি করে মগ প্রদান করা হয় তাছাড়া আজীবন সদস্য মকবুল সিকদার-এর পক্ষ থেকে উপস্থিত সকলের মাঝে চকলেট বিতরণ করা হয়।
এছাড়া সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আবুল খায়ের দেওয়ান-এর পক্ষ থেকে বিভিন্ন সহসভাপতি, সম্পাদক ও মহিলা বিষয়ক সম্পাদকদের কাজের স্বীকৃতি হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে নৈশভোজ ও সৌহার্দ্য বিনিময়। সদস্যরা শৃঙ্খলাবদ্ধভাবে সারিবদ্ধভাবে খাবার গ্রহণ করেন। কেউ কাউকে এগিয়ে দিচ্ছেন, কেউ ছবি তুলছেন, কেউ আবার পুরোনো দিনের গল্পে মেতে উঠেছেন। নৈশভোজ যেন শুধু খাবার নয়, ছিল হৃদয়ের সম্পর্ক আরও দৃঢ় করার এক উপলক্ষ।
দেশের বাইরে অবস্থানরত সংগঠনের প্রবাসী সদস্যরাও এই আয়োজন সফল করতে আর্থিক সহায়তা ও মূল্যবান পরামর্শ দিয়েছেন। এতে প্রমাণ হয়েছে, দূরে থাকলেও তারা হৃদয়ে বহন করছেন নিজের গ্রাম ও মানুষকে।
দিনশেষে সকলের কণ্ঠে ছিল একটাই প্রত্যয়—ঐক্যবদ্ধ হয়ে সমাজের কল্যাণে কাজ করতে হবে। নতুন নেতৃত্বের হাত ধরে কাদিরখিল সমাজকল্যাণ যুব সংঘ আরও শক্তিশালী হবে, মানুষের পাশে দাঁড়াবে এবং গ্রামের উন্নয়নে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।
শেকড়ের টান কখনো হারায় না, ভালোবাসা মানুষকে আবারও একত্রিত করে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।