মোঃ নাজমুল হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা পরিষদে আকস্মিক পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। সোমবার সকাল ৯টার আগেই তিনি উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপস্থিত হয়ে বিভিন্ন দপ্তরের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তিনি উপজেলা পরিষদের অধীন বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, সময়ানুবর্তিতা এবং দাপ্তরিক কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। পাশাপাশি সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে জনসেবা কার্যক্রমের বাস্তব চিত্র জানার চেষ্টা করেন।
এসময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে দায়িত্বশীলতা ও স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ধরনের অবহেলা বা গাফিলতি সহ্য করা হবে না বলেও তিনি সতর্ক করেন।
উপজেলার বিভিন্ন সেবামূলক কার্যক্রম নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এমপি রুহুল আমিন। তিনি জানতে চান, সাধারণ মানুষ কতটা সহজে ও দ্রুত সেবা পাচ্ছেন এবং কোথায় কোথায় উন্নতির সুযোগ রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জনসেবায় শৃঙ্খলা, জবাবদিহিতা ও কার্যকারিতা বাড়াতে এ ধরনের আকস্মিক পরিদর্শন নিয়মিত চালু রাখার পরিকল্পনা রয়েছে। এতে সরকারি দপ্তরগুলোতে কর্মতৎপরতা বাড়বে এবং সেবার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয়দের মতে, এ ধরনের পরিদর্শন সরকারি সেবায় গতি আনবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সহায়ক ভূমিকা রাখবে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।