শান্ত দে দুর্গাপুর (নেত্রকোণা ):
নেত্রকোণার দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। আজ ৮ মে ২০২৬ (২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ) 'এসো শ্যামল সুন্দর...' স্লোগানকে সামনে রেখে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান আকর্ষণ ছিল রবীন্দ্র সংগীত, কবিতা আবৃত্তি এবং নৃত্য। শিল্পকলা একাডেমির শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ সম্মিলিত কণ্ঠে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন।
শিল্পীদের নিখুঁত পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। তবলা, হারমোনিয়াম ও এসরাজ সহযোগে পরিবেশিত গানগুলো অনুষ্ঠানের গাম্ভীর্য ও সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয়। আলোচনা সভায় বক্তারা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন এবং বর্তমান সময়ে তার দর্শনের প্রাসঙ্গিকতা তুলে ধরেন।
অনুষ্ঠানে উপজেলার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা এই ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে রবীন্দ্র চেতনা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের বর্ণিল সমাপ্তির মধ্য দিয়ে দিনটির উদযাপন শেষ হয়।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।