এস ডব্লিউ সাগর তালুকদার
সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নসহ আশপাশের এলাকায় মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে লক্ষ্মণখলা ও বাখারপুর গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট। এই চক্রের করাল গ্রাসে এলাকার স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও উদীয়মান যুবসমাজ আশঙ্কাজনকভাবে বিপথে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তথ্যমতে, জয়শ্রী ইউনিয়নের লক্ষ্মণখলা গ্রামের মিনহাজুর রহমান দ্রুবসহ একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এলাকাবাসীর অভিযোগ, ৮ নম্বর ওয়ার্ডের দবির মিয়ার ছত্রছায়ায় এই সিন্ডিকেট পরিচালিত হচ্ছে। স্থানীয়দের দাবি, দবির একজন চিহ্নিত ইয়াবা কারবারি এবং তিনি তার ভাতিজা ও বাখারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেনের ছেলে দ্রুবকে ব্যবহার করে এলাকায় ইয়াবার রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
এদিকে বাখারপুর গ্রামের মৌজালী চৌধুরীর ছেলে সাইফুল চৌধুরীকেও স্থানীয়রা ইয়াবা ডিলার হিসেবে চিহ্নিত করেছেন। অভিযোগ রয়েছে, তিনি নিজে মাদক সেবনের পাশাপাশি তার ছেলে ফয়সালকেও এই পথে জড়িয়ে ফেলেছেন। স্থানীয়দের ভাষ্যমতে, ফয়সাল এলাকায় মাদক বিক্রির পাশাপাশি উঠতি বয়সী তরুণদের মাদক সেবনে উৎসাহিত করছেন এবং হাতে-কলমে প্রশিক্ষণ দিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে তাদের মাদক সেবনের দৃশ্য দেখা যাওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মাদকের এমন বিস্তারে সাধারণ মানুষ ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকায় এই চক্রের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পান না। প্রতিবাদ করলেই হুমকি-ধমকির শিকার হতে হয় বলে অভিযোগ করেন তারা।
একজন স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন,
আমাদের চোখের সামনে এলাকার যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিনের পর দিন বিষ বিক্রি করছে তারা। দ্রুত ব্যবস্থা না নিলে পুরো সমাজ নষ্ট হয়ে যাবে।
সচেতন মহলের দাবি, দ্রুত সময়ের মধ্যে এই মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে চিহ্নিত কারবারিদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় ধর্মপাশার সামাজিক পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন তারা।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।