মোঃ নাজমুল হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:
চিৎলা ইউনিয়নে আন্তঃপ্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতায় শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণ
"খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশের আহ্বান মাহাবুব হাসান মাবুদের"
মোঃ নাজমুল হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:
গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
চিৎলা ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দৌড়, লাফ, খেলাধুলা ও বিভিন্ন শিক্ষামূলক ইভেন্টে ক্ষুদে শিক্ষার্থীরা অংশ নেয়। সকাল থেকেই বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশ তৈরি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও চিৎলা-হুদাপাড়া-রুইথনপুর মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত সভাপতি মোঃ মাহাবুব হাসান মাবুদ। তিনি তার বক্তব্যে বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে ক্রীড়া প্রতিযোগিতার বিকল্প নেই। শিশুদের মধ্যে আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও সৌহার্দ্যবোধ তৈরিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিৎলা হুদাপাড়া রুইথনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী রেজা। তিনি বলেন, প্রাথমিক স্তর থেকেই শিশুদের প্রতিভা বিকাশে এ ধরনের প্রতিযোগিতা অত্যন্ত কার্যকর। এতে শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি পায় এবং বিদ্যালয়ের প্রতি আগ্রহও বাড়ে।
এসময় চিৎলা ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও আনন্দে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
স্থানীয়রা জানান, এমন আয়োজন শিশুদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মানসিকতা তৈরি করে এবং তাদের মোবাইল ও বিভিন্ন নেতিবাচক প্রভাব থেকে দূরে রাখতে সহায়তা করে। আয়োজকদের এমন উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।