
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
কক্সবাজারের চকরিয়া পৌরসভা এলাকায় তীব্র গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে আনুমানিক ৬০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় শুঁটকি বিক্রেতার করুণ মৃত্যু হয়েছে।
আজ চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের লক্ষ্যারচর আমানপাড়া স্কুলের সামনে নদীর পাড়ে তাঁর মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। পাশে তাঁর বিক্রির শুঁটকি মাছের ভাড় (ঝুড়ি) এবং ব্যবহৃত সাদা টুপিটি পড়ে ছিল।শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত ব্যক্তির নাম-ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়নি এবং মরদেহটি ঘটনাস্থলেই মাটিতে পড়ে রয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বয়সের তোয়াক্কা না করে তীব্র রোদ ও গরমের মাঝে মাথায় শুঁটকির ভাড় নিয়ে জীবিকার তাগিদে বের হয়েছিলেন এই বৃদ্ধ।
চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড থেকে অন্য পাশ্ববর্তী ইউনিয়নে যাওয়ার পথে প্রচণ্ড গরমে তিনি ক্লান্ত হয়ে পড়েন। একপর্যায়ে নদীর পাড়ে পৌঁছালে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুর পর তাঁর ব্যবহৃত সাদা টুপিটি মুখের একদম কাছে ঘাসের ওপর পড়ে থাকতে দেখা যায়, যা দেখে মনে হয় যেন সিজদার ভঙ্গিতেই তিনি বিদায় নিয়েছেন।
জীবন-জীবিকার নির্মম লড়াইয়ে নামা এই শ্রমজীবী মানুষের পরিচয় না মেলায় এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাঁর পরিচয় শনাক্তের জন্য স্থানীয়রা সকলের সহযোগিতা কামনা করেছেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।