মোঃ নাজমুল হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বেগমপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারী মোঃ সাফায়েত উল্লাহর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গত সোমবার রাতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মরহুম ক্বারী মোঃ সাফায়েত উল্লাহর গ্রামের বাড়ি যদুপুর কুমিল্লা পাড়ায়। তিনি দীর্ঘদিন ধরে বেগমপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত, ধর্মীয় জ্ঞান ও বিনয়ী আচরণের কারণে তিনি এলাকাবাসীর কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন ক্বারী সাফায়েত উল্লাহ। রাতের কোনো একসময় তাকে সাপ কামড় দেয় বলে ধারণা করা হচ্ছে। শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে স্থানীয়ভাবে কবিরাজি চিকিৎসার ব্যবস্থা করা হয়। কিন্তু অবস্থার আরও অবনতি হলে দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বেগমপুরসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। মসজিদের মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেন।
মুসল্লিরা জানান, ক্বারী সাফায়েত উল্লাহ ছিলেন অত্যন্ত সৎ, পরহেজগার ও মানবিক একজন আলেম। তিনি সবসময় মানুষকে ইসলামের সঠিক শিক্ষা প্রদান এবং সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। তার মৃত্যুতে মসজিদ ও এলাকার ধর্মীয় অঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, একজন নিবেদিতপ্রাণ ইমামকে হারিয়ে তারা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।