মোঃ ইসরাফিল আজাদ,ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার শালডাঙ্গী এলাকায় এক নারীকে মারধর, মোবাইল ফোন ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ রাজিয়া সুলতানা রূপা (৪০) ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী শাহ আলম ও তার পরিবারের সদস্যদের সঙ্গে জমিজমা ও পারিবারিক বিরোধ চলছিল। এরই জেরে গত ৩ মার্চ সকালে তার ভাড়াটিয়াকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। পরে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করার পরও বিরোধ অব্যাহত থাকে।
লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ১০ মে ভাড়াটিয়াকে নিয়ে অভিযুক্তদের বাড়ির সামনে গেলে শাহ আলমসহ কয়েকজন তার ওপর হামলা চালায়। এ সময় তাকে মারধর করা হয় এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে হাসপাতালে চিকিৎসা নিতে গেলে তিনি দেখতে পান, তার গলায় থাকা প্রায় ৪ আনা ওজনের স্বর্ণের চেইনও নেই।
ভুক্তভোগীর দাবি, মোবাইল ফোন ও স্বর্ণের চেইনের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ টাকা। পরে স্থানীয়ভাবে আপস-মীমাংসার চেষ্টা হলেও অভিযুক্তরা তার জিনিসপত্র ফেরত দেয়নি। বরং বিভিন্ন সময় তাকে ও তার পরিবারকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় তিনি অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।