এস ডব্লিউ সাগর তালুকদার, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে ফজর আলী (৫৫) নামে এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৮ জুন) বিকেল ৩টায় উপজেলার নরসিংপুর ইউনিয়নের রহিমেরপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, রহিমেরপাড়া এলাকায় চেলা নদীর তীরবর্তী বেড়িবাঁধ কেটে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছিলেন একই গ্রামের মৃত তরিকুল্লাহর ছেলে ফজর আলী। স্থানীয় বাসিন্দারা একাধিকবার তাকে এ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানালেও তিনি তা উপেক্ষা করেন। পরে বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়।অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পান। এরপর তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ বালু উত্তোলন ও বিক্রির দায়ে ফজর আলীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদী ও পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। তারা পরিবেশ ও নদী রক্ষায় প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।