এম এ নোমান চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের জুগিরখিল গ্রামের পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে মসজিদের সাবেক ক্যাশিয়ার শামসুল হকের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী সোমবার (৮ জুন) বিকেলে সংবাদ সম্মেলন করে অবিলম্বে অর্থ ও হিসাব বুঝিয়ে দেওয়ার দাবি জানান। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি তোলা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, মসজিদের নির্মাণকাজের নামে প্রায় ১৪০০ বর্গফুটের একটি ভবনের ফাউন্ডেশন, গ্রেড বিম ও ছাদ নির্মাণে প্রায় ৩০ লাখ টাকা ব্যয় দেখানো হয়েছে। অথচ বাস্তব হিসেবে এ কাজে সর্বোচ্চ ২০ লাখ টাকার মতো ব্যয় হওয়ার কথা। অতিরিক্ত ব্যয়ের নামে মসজিদের উন্নয়ন তহবিল থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে তারা দাবি করেন।
বক্তারা আরও জানান, হিসাব চাইতে গেলে ক্যাশিয়ার শামসুল হক ও তার পরিবারের সদস্যরা গ্রামবাসীর সঙ্গে দুর্ব্যবহার করেন এবং কয়েকজনকে মারধরও করেন। এছাড়া মসজিদের বৈদ্যুতিক ও পাইপ ফিল্টার স্থাপনের কাজ নিয়ম না মেনে নিজের ছেলে নিলয়কে দেওয়ার অভিযোগও তোলা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সমাজসেবক মো. মাইনুল হক মজুমদার বাপ্পি, মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি ও অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা মো. আবুল হাশেম, সহ-সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, মো. রফিক মিয়া এবং প্রবাসী প্রকৌশলী মো. ফারুক হোসেন।
বক্তারা জানান, ২০২৫ সালের শুরুতে গ্রামবাসী মসজিদের পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করে। কিন্তু নতুন কমিটি গঠনের প্রায় দেড় বছর পার হলেও সাবেক কমিটি এখনো মসজিদের হিসাব-নিকাশ ও অবশিষ্ট অর্থ বুঝিয়ে দেয়নি। এ নিয়ে একাধিকবার বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।
এ ঘটনায় স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। বক্তারা দ্রুত তদন্ত করে মসজিদের অর্থ উদ্ধার এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আরছ মিয়া, সমাজসেবক আবু তাহের, মোখলেছ মিয়া, মো. সোহাগ, মো. তামীম মজুমদার, ইমরান হোসেন, রাকিব হোসেন, মো. সাকিব ও মো. ফাহিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।