কাজী জাবেদ হোসেন,আদর্শ সদর,কুমিল্লা,প্রতিনিধি:
কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযানে ১৯ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে কুমিল্লা ব্যাটালিয়নের অধীন শিবেরবাজার বিওপির একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবেরবাজার বিওপি গেইট সংলগ্ন সড়কে একটি যাত্রীবাহী অটোগাড়িতে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে অটোগাড়িতে অবস্থানরত এক নারীর কাছ থেকে ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়। আটক নারী চৌদ্দগ্রাম উপজেলার চকলক্ষ্মীপুর ডাকঘরের বাডবাড়ি গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির তথ্যমতে, জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৬৬ হাজার ৫০০ টাকা।
আটক আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।