এস ডব্লিউ সাগর তালুকদার ,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
সুনামগঞ্জে বজ্রপাত ঝুঁকি হ্রাস, দুর্যোগ প্রস্তুতি এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইরা’র (Efforts for Rural Advancement-IRA) “লাইট” প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন ২০২৬) সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে এফোর্টস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা)। অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা প্রদান করে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
সভায় শিক্ষক, যুব স্বেচ্ছাসেবক, কমিউনিটি প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সদস্য এবং বিভিন্ন অংশীজনসহ মোট ৫০ জন অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মিনহাজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মতিউর রহমান এবং মোহাম্মদ সাজেদ।
সভার শুরুতে ইরা’র নির্বাহী পরিচালক ফাহমিদা আখতার স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইরা’র প্রোগ্রাম ডিরেক্টর মোঃ কামরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বজ্রপাত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, বজ্রপাতের ঝুঁকি কমাতে সচেতনতামূলক কার্যক্রম আরও সম্প্রসারণ এবং শক্তিশালী করতে হবে।
সভায় সোমুজ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক প্রতিনিধি এবং যুব স্বেচ্ছাসেবক হাসিনা বেগম “লাইট” প্রকল্পের বিভিন্ন অর্জন, শিক্ষণীয় অভিজ্ঞতা এবং কমিউনিটিতে সৃষ্ট ইতিবাচক পরিবর্তনের বিষয়গুলো তুলে ধরেন।
এসময় দুর্যোগ প্রস্তুতি, আগাম সতর্কবার্তা প্রচার, বজ্রপাতজনিত ঝুঁকি হ্রাস, নারী ও যুব নেতৃত্ব বিকাশে “লাইট” প্রকল্পের উল্লেখযোগ্য অবদান ও অর্জনসমূহ উপস্থাপন করা হয়।
এছাড়াও সভায় নেপাল থেকে আগত পার্টিসিপেন্ট, মেডিকেল অ্যান্ড পাবলিক হেলথ অফিসার, প্রকল্প সমন্বয়কারী, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসারসহ ইরা সুনামগঞ্জের বিভিন্ন কর্মকর্তা বক্তব্য রাখেন।
বক্তারা বজ্রপাতসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, আগাম সতর্কবার্তা প্রচার এবং যুব নেতৃত্বের বিকাশে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। সভার মাধ্যমে অংশগ্রহণকারীরা প্রকল্পের সফলতা, শিক্ষা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে মতবিনিময় করেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।