সুনামগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
এস ডব্লিউ সাগর তালুকদার
সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক, সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান চৌধুরী বলেছেন, নতুন ভবন নির্মিত হলে জেলাব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারিত হবে। এর মাধ্যমে দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা এবং স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনায় নতুন মাত্রা যুক্ত হবে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৪টায় সুনামগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মানবিক সেবামূলক কার্যক্রম পরিচালনার জন্য একটি আধুনিক ও সুবিধাসম্পন্ন অবকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন ভবনটি নির্মাণ সম্পন্ন হলে জেলার বিভিন্ন দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং সেবামূলক কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি সৈয়দ মল্লিক মঈন উদ্দিন সুহেল, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম সাজু, সদস্য ডা. সৈয়দ মনোয়ার আলী, ইজাজুল হক চৌধুরী নাসিম, আব্দুস সাত্তার মোঃ মামুন, মোঃ আশরাফ হোসেন লিটন, অ্যাডভোকেট মোঃ আনিসুজ্জামান, রায়হানা মঞ্জুর চৌধুরী, মোঃ শামসুর রহমান, মোঃ মাহবুবুর রহমান পীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, নতুন ভবনটি নির্মিত হলে সুনামগঞ্জ জেলায় রেড ক্রিসেন্টের বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য আধুনিক ও স্থায়ী অবকাঠামো গড়ে উঠবে, যা স্থানীয় জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে মানবিক সহায়তা কার্যক্রম আরও সম্প্রসারিত ও শক্তিশালী হবে।
অনুষ্ঠান শেষে নতুন ভবনের সফল নির্মাণ এবং রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক কার্যক্রমের ধারাবাহিক অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।