মো: মাসুম বিল্লাহ,স্টাফ রিপোর্টার,বাগেরহাট:
আল্লামা মামুনুল হককে নিয়ে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস, মোল্লাহাট উপজেলা শাখা। শুক্রবার(১৯ জুন) বিকালে মডেল মসজিদের পাশে সংগঠনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ খেলাফত মজলিস মোল্লাহাট উপজেলা শাখার সভাপতি শায়খুল হাদিস মাওলানা হাফিজুর রহমান।
লিখিত বক্তব্যে বলা হয়, আল্লামা মামুনুল হক একজন সুপরিচিত ইসলামী চিন্তাবিদ ও বক্তা। তাঁকে নিয়ে জাতীয় সংসদে দেওয়া বক্তব্য ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত করেছে বলে দাবি করে সংগঠনটি। তারা এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
সংগঠনের পক্ষ থেকে ঢাকা-১ আসনের সংসদ সদস্যের বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে ধর্মীয় ব্যক্তিত্ব ও ইসলামী মূল্যবোধ সম্পর্কে দায়িত্বশীল বক্তব্য দেওয়ার আহ্বানও জানানো হয়।
বক্তারা বলেন, দেশের শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সবার সংযত ও দায়িত্বশীল ভাষা ব্যবহার করা উচিত। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে—এমন বক্তব্য পরিহার করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তারা। পাশাপাশি আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ এবং তাঁর সম্মান রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা আমির আলী, মাওলানা আবু হুরায়রা, উদয়পুর ইউনিয়ন শাখার সভাপতি খন্দকার ওবায়দুর রহমান আখতার, কোদালিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শেখ শরিফুল ইসলাম জুম্মান, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা লায়েকুজ্জামান, উপজেলা যুব মজলিসের সাংগঠনিক সম্পাদক মো. রাকিবুল ইসলাম, উপজেলা ছাত্র মজলিসের সভাপতি মো. আব্দুল্লাহ বিন আনিছ এবং কোদালিয়া ইউনিয়ন শাখার বায়তুলমাল সম্পাদক মাওলানা আরিফ বিল্লাহসহ উপজেলা ইউনিয়ন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।