শেখ মহিউদ্দিন (বাগেরহাট জেলা প্রতিনিধি)
বাগেরহাটের মোংলা উপজেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃধা নজরুল ইসলামের পুত্র মৃধা ফারুকুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা, মামলা উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক দাবি করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) বিকাল ৫টায় মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের কচুবুনিয়া বাজার মাঠ প্রাঙ্গণে স্থানীয় সর্বসাধারণের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সুন্দরবন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মাসুম ফরাজি।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবদল নেতা নাজমুল হক মোল্লা, ৪ নং ওয়ার্ড বিএনপি যুগ্ম সম্পাদক মোঃ মারুফ হাওলাদার, সুন্দরবন ইউনিয়ন সাবেক ছাত্রদলের সভাপতি মোঃ সাকিব খাঁন, যুবনেতা মোঃ নাজমুল শিকদার, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মুছা আকন, ছাত্রনেতা মোঃ সাব্বির, এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।
বক্তারা অভিযোগ করেন, পশ্চিম বাজিকরেরখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনকে কেন্দ্র করে ১৭ ই জুন দায়ের করা মামলায় রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে পরিকল্পিতভাবে মৃধা ফারুকুল ইসলামকে জড়ানো হয়েছে।
তাদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার জনপ্রিয়তা ও জনসম্পৃক্ততায় ঈর্ষান্বিত একটি স্বার্থান্বেষী মহল তাকে রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে এ মামলা দায়ের করেছে।
বক্তারা আরও বলেন, তারা আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল। তাই প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।
একই সঙ্গে হয়রানিমূলক ও ভিত্তিহীন মামলা প্রত্যাহারের আহ্বান জানান তারা। অন্যথায় গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেওয়া হয়।
মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক সাধারণ জনগণ অংশ নেন। এ সময় উপস্থিত সবাই অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।