এস ডব্লিউ সাগর তালুকদার,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চেঙ্গাইয়া গ্রামের আব্দুল নুরের বাড়ি থেকে শামছুল হকের মেইল পর্যন্ত প্রায় ৫০০ ফুট সিসি (কংক্রিট) রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
রোববার (২৮ জুন ২০২৬) সকাল ১০টায় আয়োজিত মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা দীর্ঘদিনের ভোগান্তির কথা তুলে ধরে দ্রুত রাস্তাটি সিসি ঢালাইয়ের মাধ্যমে নির্মাণের জোর দাবি জানান।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি অত্যন্ত বেহাল অবস্থায় রয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদামাটি ও জলাবদ্ধতার কারণে চলাচল একেবারেই দুর্বিষহ হয়ে পড়ে। এতে প্রায় ২০০টি পরিবারের মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। অনেক সময় প্রয়োজনীয় কাজে বের হওয়াও সম্ভব হয় না।
এলাকাবাসী জানান, প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুল, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী যাতায়াত করে। কিন্তু বর্ষাকালে কাদা ও পানির কারণে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে যেতে চরম দুর্ভোগ পোহাতে হয়। পাশাপাশি অসুস্থ রোগী, বৃদ্ধ ও গর্ভবতী নারীদের হাসপাতালে নেওয়াও অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাদত আলী, শামছুল হক, আকবর আলী, রোশন আলী ও তফজ্জুল আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, মাত্র ৫০০ ফুট রাস্তার অভাবে প্রায় ২০০ পরিবারের মানুষ বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছে। এটি আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের জোর দাবি, দ্রুত রাস্তাটি সিসি ঢালাইয়ের মাধ্যমে নির্মাণ করে এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটানো হোক।
মানববন্ধন শেষে এলাকাবাসী জানান, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে তারা আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন।
এ বিষয়ে ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস সামাদ বলেন, এলাকাবাসীর দাবির বিষয়টি ইউনিয়ন পরিষদের সভায় উত্থাপন করা হবে। আলোচনা সাপেক্ষে তাদের ন্যায্য দাবি বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করা হবে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।