আরিফুল হক জিসান, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগরীর জাকির হোসেন রোডে গ্যাসের মেইন পাইপলাইন লিক হয়ে সড়কের ওপর দাউদাউ করে আগুন জ্বলে ওঠার ঘটনা ঘটেছে। ব্যস্ততম সড়কের ওপর আকস্মিক এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো এলাকার বাসিন্দা এবং পথচারীদের মধ্যে তীব্র আতঙ্ক ও হুড়োহুড়ি ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে জাকির হোসেন রোডের একটি অংশে মাটির নিচে থাকা গ্যাস লাইনে হঠাৎ লিকেজ দেখা দেয়। কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে তীব্র বেগে গ্যাস বের হতে শুরু করে এবং মুহূর্তের মধ্যে তা ভয়াবহ আগুনে রূপ নেয়। সড়কের ওপর আগুনের লেলিহান শিখা উঁচুতে উঠতে থাকায় ওই রুটে সব ধরনের যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। দমকল বাহিনীর কর্মীদের কয়েক ইউনিটের আপ্রাণ চেষ্টায় সড়কের ওপর জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তবে আগুন নিয়ন্ত্রণে এলেও এলাকায় এখনো সম্পূর্ণ বিপদ কেটে যায়নি। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানিয়েছেন, আগুন নিভে গেলেও পাইপের লিকেজ দিয়ে এখনো অনবরত গ্যাস বের হচ্ছে। যেকোনো সময় আবারও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গ্যাস কর্তৃপক্ষের টেকনিক্যাল টিম এসে লাইনটি সম্পূর্ণ মেরামত না করা পর্যন্ত বড় ধরনের ঝুঁকি রয়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।