শান্ত দে, দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার দুর্গাপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে মাদক কারবারিদের অতর্কিত হামলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পাঁচ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার মাসকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ একশো বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে।
এ ঘটনায় সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা এবং বিশেষ ক্ষমতা আইনে দুর্গাপুর থানায় পৃথক দুটি মামলা দায়েরের পর আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আহত পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক (এসআই) হায়দার আলী (রানা), সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সাকিব এবং কনস্টেবল আমিনুল ইসলাম, খোকন ও রনজিৎ সিংহ। আহতদের মধ্যে দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মাসকান্দা গ্রামের আবদুল আউয়াল (৫৫) ও চারিয়া-মাসকান্দা গ্রামের মৃত তারা মিয়ার ছেলে আলী আকবর (২৮)। জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাংশু কুমার দেব জানান, গ্রেপ্তারকৃত আলী আকবর একজন পেশাদার মাদক কারবারি। মাত্র কয়েকদিন আগেই সে আরেকটি মাদক মামলায় জামিন পেয়ে কারাগার থেকে বের হয়ে আবারও মাদক কারবারে জড়িয়ে পড়ে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে ক্রেতা সেজে মাসকান্দা গ্রামে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় চিহ্নিত মাদক কারবারিরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। পরে পুলিশ দুজনকে আটক ও ফেনসিডিল জব্দ করতে সক্ষম হলেও অন্য সহযোগীরা পালিয়ে যায়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের জোড়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।