এস ডব্লিউ সাগর তালুকদার,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রস্তুতিই সুন্দর আগামীর গড়ি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মী-প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়েছে।
রবিবার (১২ জুলাই) উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাণ্ডারগাঁও ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. রেদওয়ানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সামসুদ্দিন খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে. এম. আবদুল্লাহ আল-মামুন।
বক্তারা বলেন, জনসংখ্যাকে দেশের উন্নয়নের শক্তিতে পরিণত করতে হলে পরিকল্পিত পরিবার গঠন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং মাতৃ ও শিশুস্বাস্থ্যের সুরক্ষার পাশাপাশি তরুণ প্রজন্মকে সচেতন ও দক্ষ করে গড়ে তোলার ওপর সর্বাধিক গুরুত্ব দিতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ বলেন, পরিকল্পিত পরিবার ও কার্যকর পরিবার পরিকল্পনা কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে জনসংখ্যাকে সম্পদে রূপান্তর করা সম্ভব। এজন্য সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও জনবান্ধব ও গতিশীল করার পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মী ও সহযোগী প্রতিষ্ঠানের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। শ্রেষ্ঠ কর্মী হিসেবে সম্মাননা লাভ করেন নরসিংপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মোছা. সাজেদা বেগম, পাণ্ডারগাঁও ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. রেদওয়ানুর রহমান এবং বাংলাবাজার ইউনিয়নের পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV/FWC) মোছা. কোহিনুর আক্তার।
এ ছাড়া শ্রেষ্ঠ সহযোগী প্রতিষ্ঠান হিসেবে পার্টনার ইন হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) এবং পাণ্ডারগাঁও ইউনিয়ন পরিষদ সম্মাননা অর্জন করে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।