তাহামিনা আক্তার, কেরানীগঞ্জ ঢাকা :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের শিবগঞ্জ বাজার থেকে বেগমপুর পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির দীর্ঘদিনের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার হাজারো মানুষ। সংস্কারের অভাবে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, ভাঙাচোরা অংশ এবং কাদার স্তূপ সৃষ্টি হয়েছে। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে শত শত শিক্ষার্থী, রোগী, পথচারী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিপাত হলেই সড়কটি কাদাময় ও পিচ্ছিল হয়ে পড়ে। এতে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি বেড়ে যায় দুর্ঘটনার আশঙ্কা। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও নাজুক হয়ে ওঠে। অনেক শিক্ষার্থী সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে পারে না, রোগী পরিবহনেও সৃষ্টি হয় চরম ভোগান্তি। এমনকি শুষ্ক মৌসুমেও ভাঙাচোরা সড়ক দিয়ে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
এলাকার ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজকর্মী মোঃ মাসুম আহমদ বলেন, “শিবগঞ্জ–বেগমপুর সড়কটি এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জনদুর্ভোগ অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। দ্রুত সড়কটি সংস্কার করা না হলে ভোগান্তি আরও বাড়বে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”
তিনি আরও বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি শিবগঞ্জ–বেগমপুর সড়কটি দ্রুত সংস্কারের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এলাকাবাসীর দাবি, নিরাপদ ও নির্বিঘ্ন যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা,জনদুর্ভোগ লাঘব এবং এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে শিবগঞ্জ–বেগমপুর সড়কটি অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সংস্কার করা হোক। তাদের মতে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপই পারে দীর্ঘদিনের এই দুর্ভোগের স্থায়ী সমাধান নিশ্চিত করতে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।