মোঃ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত, র্যালি, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং দোয়া-মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্রহ্মগাছা ইউনিয়নের বারইবাঘ গ্রামে জুলাই আন্দোলনের শহীদ নজরুল ইসলামের এবং চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই গ্রামে শহীদ লেবু শেখের কবরে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করা হয়।
পরে রায়গঞ্জ পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. শামছুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন খান, উপজেলা যুবদলের সভাপতি মো. আব্দুর রাজ্জাক রানা, জুলাই যোদ্ধা মো. ইসমাইল হোসেন এবং রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদির।
আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদদের ত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হয়ে থাকবে। একই সঙ্গে তাঁদের আদর্শ ও আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের শেষপর্বে জুলাই আন্দোলনভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
এদিকে দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া, মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।
দিনব্যাপী কর্মসূচিতে রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জুলাই শহীদদের স্মরণে আয়োজিত এসব কর্মসূচির মাধ্যমে তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।