চকরিয়া প্রতিনিধি: সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দক্ষিণ চট্টগ্রামের চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী, লামা, আলীকদম, বাঁশখালী, লোহাগাড়া ও সাতকানিয়াসহ বিস্তীর্ণ এলাকার মানুষের জীবন-জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরবাড়ি, রাস্তাঘাট ও কৃষিজমির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারো শিক্ষার্থীর বই, খাতা, কলম, স্কুলব্যাগসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ।
এ বাস্তবতায় বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষাজীবন সচল রাখতে ব্যতিক্রমী উদ্যোগের আহ্বান জানিয়েছেন চকরিয়া আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক জুবাইদুল হক। তিনি বলেন, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, প্রশাসন, প্রবাসী, রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় ভূমিকা পালন করছে। তবে বন্যার পানি নেমে যাওয়ার পর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সবার নজরে আনা প্রয়োজন। যেসব পরিবারের ঘরে কোমরসমান কিংবা ছাদ পর্যন্ত পানি উঠেছিল, তাদের সন্তানদের বই, খাতা, কলম, স্কুলব্যাগসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণের বড় একটি অংশ নষ্ট হয়ে গেছে।
অধ্যাপক জুবাইদুল হক বলেন, আগামী কয়েক মাসের মধ্যেই প্রাথমিক, মাধ্যমিক, ইবতেদায়ী, দাখিল, হেফজখানা, নূরানী ও কওমি মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ও সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখনই যদি ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষা উপকরণ তুলে দেওয়া না যায়, তাহলে অনেক শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরও জানান, শিক্ষা প্রতিষ্ঠান খোলার সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে বই, খাতা, কলম, স্কুলব্যাগ ও অন্যান্য প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ কাজে শিক্ষক সমাজ, প্রাক্তন শিক্ষার্থী, সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং মানবিক মানুষদের সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, "একটি এলাকার প্রকৃত উন্নয়নের ভিত্তি হলো শিক্ষা। তাই কোনো শিক্ষার্থী যেন শুধু বই-খাতা হারানোর কারণে পড়াশোনা থেকে ঝরে না পড়ে, সেটি নিশ্চিত করা আমাদের সবার নৈতিক দায়িত্ব।"
পরিশেষে তিনি মহান আল্লাহর কাছে সবার সহযোগিতা করার সামর্থ্য কামনা করেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষাজীবন সচল রাখতে সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।