রিপোর্টার- আব্দুল্লাহ জিম
দেশব্যাপী গবেষণা, উদ্ভাবন এবং বৈজ্ঞানিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ‘১ম ন্যাশনাল সায়েন্স কনফারেন্স-২০২৬’ আয়োজন করতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাব (BUSC)। জাতীয় পর্যায়ের এই সম্মেলনের মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গবেষক ও শিক্ষকদের জন্য নিজেদের গবেষণা উপস্থাপন এবং মতবিনিময়ের একটি অভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করা হবে। সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে তরুণ গবেষকদের ক্ষমতায়ন, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং বিজ্ঞানভিত্তিক বাংলাদেশ গঠনে অবদান রাখা।
আয়োজকদের তথ্য অনুযায়ী, সম্মেলনটি তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে গবেষণাপত্রের অ্যাবস্ট্রাক্ট জমা, দ্বিতীয় ধাপে পোস্টার উপস্থাপন এবং সর্বশেষ ধাপে অন-সাইট ফাইনাল প্রেজেন্টেশন অনুষ্ঠিত হবে। এ প্রক্রিয়ার মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের গবেষণা জাতীয় পর্যায়ে উপস্থাপনের সুযোগ পাবেন এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করতে পারবেন।
সম্মেলনের সময়সূচি অনুযায়ী, ৫ মে থেকে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত অ্যাবস্ট্রাক্ট জমা নেওয়া হবে। এরপর ৭ আগস্ট প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হবে। নির্বাচিত অংশগ্রহণকারীরা ৮ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত পোস্টার জমা দিতে পারবেন। ১৮ আগস্ট দ্বিতীয় ধাপের ফলাফল প্রকাশের পর নির্বাচিতরা ২২ আগস্ট ২০২৬ বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য ফাইনাল অন-সাইট প্রেজেন্টেশনে অংশ নেবেন, যেখানে চূড়ান্ত পর্বের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটবে।
সম্মেলনে গবেষণাপত্র আহ্বান করা হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন সমসাময়িক বিষয়ে। এর মধ্যে রয়েছে Artificial Intelligence (AI) ও Data Science, Environment ও Climate, Sustainable Energy, Health ও Biomedical Science, Agriculture ও Food Science, Physics ও Engineering, Chemistry ও Materials Science, Mathematics ও Computation এবং Science Education। আন্তঃবিষয়ক গবেষণাকেও এ সম্মেলনে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের সভাপতি নীতুন পাল জানিয়েছেন- "সূচনা লগ্ন থেকেই বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাব বিজ্ঞানের প্রচার ও প্রসারে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার আমরা প্রথমবারের মতো ন্যাশনাল সাইন্স কনফারেন্স আয়োজন করতে যাচ্ছি। আগামী ২২ শে আগস্ট ২০২৬ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কনফারেন্সটি আয়োজিত হবে। এ পর্যন্ত সারাদেশের প্রায় ২০ টি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে উল্লেখযোগ্যসংখ্যক অ্যাবস্ট্রাক্ট জমা পড়েছে। দেশের বাহির থেকেও আমাদের কনফারেন্স নিয়ে গবেষকদের উৎসাহ আমাদের অনুপ্রাণিত করছে। আশা করি ভালো কিছু হবে।"
একই বিষয়ে মতামত জানিয়ে ক্লাবের সাধারণ সম্পাদক আবু নছর মোঃ ত্বোহা জানান- "বিজ্ঞান ও গবেষণাকে শুধু শ্রেণিকক্ষের মধ্যে সীমাবদ্ধ না রেখে জাতীয় পর্যায়ে একটি কার্যকর জ্ঞান-বিনিময়ের প্ল্যাটফর্ম তৈরি করাই আমাদের লক্ষ্য। সেই উদ্দেশ্য থেকেই বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাব প্রথমবারের মতো '১ম ন্যাশনাল সায়েন্স কনফারেন্স ২০২৬' আয়োজন করছে।
এই সম্মেলনের মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গবেষক ও শিক্ষকদের মধ্যে নতুন গবেষণার ধারণা বিনিময়, পারস্পরিক সহযোগিতা এবং উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটবে বলে আমরা আশাবাদী। ইতোমধ্যে দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে, যা আমাদের আয়োজনকে আরও সমৃদ্ধ করেছে।
আমরা বিশ্বাস করি, একটি গবেষণাভিত্তিক সমাজ গঠনে তরুণদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই কনফারেন্স শুধু একটি একাডেমিক আয়োজন নয়; এটি ভবিষ্যতের বিজ্ঞানী ও গবেষকদের জন্য নিজেদের সক্ষমতা তুলে ধরার একটি জাতীয় মঞ্চ। দেশের বিজ্ঞানচর্চাকে আরও গতিশীল করতে এ ধরনের উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আমরা প্রত্যাশা করি।"
সম্মেলনে অংশগ্রহণ, গবেষণাপত্র জমা, পেপার গাইডলাইন ও নিবন্ধন সংক্রান্ত বিস্তারিত তথ্য আয়োজকদের নির্ধারিত ওয়েবসাইট এবং কিউআর কোডের মাধ্যমে জানা যাবে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।