
মোঃ আব্দুর রশিদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি:
লালমনিরহাট জেলা সদর রেজিস্ট্রার দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আগামী তিন বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) লালমনিরহাট জেলা রেজিস্ট্রার কার্যালয়ে সমিতির সদস্যদের অংশগ্রহণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে হামিদুর রহমান নির্বাচিত হয়েছেন।
সকাল থেকে ভোটগ্রহণকে কেন্দ্র করে জেলা রেজিস্ট্রার কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সমিতির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ ও নির্বাচন কার্যক্রম সম্পন্ন হয়।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য সদস্যরা দলিল লেখকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, সংগঠনের উন্নয়ন এবং সদস্যদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
নির্বাচন শেষে বিজয়ী প্রার্থীদের সমর্থক ও সদস্যরা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।