আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে লিবারেল ডেমোক্রেটি পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠক শেষে জোটের পক্ষ থেকে এ সিদ্ধান্ত প্রকাশ করেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জানান, ১১ দলের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে গতানুগতিক রাজনৈতিক ধারা থেকে বের হয়ে আসতে কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, "গণঅভ্যুত্থান-পরবর্তী সরকারও বিগত সরকারের পথে হাঁটছে এবং ইতোমধ্যে দেশে নানা সাংবিধানিক সংকট তৈরি করেছে।"
মনোনয়ন পাওয়ার পর ১১ দলীয় জোটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কর্নেল (অব.) অলি আহমদ বলেন, "প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশ ও জনগণের সঙ্গে কখনোই বেইমানি করব না। সর্বদা জাতীয় স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কাজ করে যাব।"
এর আগে গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর নির্বাচন কমিশন (ইসি) ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন স্পিকারের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তফসিল চূড়ান্ত করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়নপত্র দাখিল করা যাবে। ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। ২০ আগস্ট সংসদ অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।