এস ডব্লিউ সাগর তালুকদার
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নে যুব অর্থনৈতিক ক্ষমতায়ন বিষয়ক কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় পান্ডারগাঁও ইউনিয়ন পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ। সঞ্চালনা করেন পিএইচডি ইউনিয়ন সুপারভাইজার নিলুফা ইয়াসমিন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএইচডি প্রকল্প সমন্বয়কারী ফিরোজ। বিশেষ অতিথি ছিলেন পিএইচডির এসআরএইচ সমন্বয়ক আসাদুজ্জামান, দোয়ারাবাজার উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম, সাংবাদিক সাগর তালুকদার, পপপ রেদওয়ানুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠকর্মী আঙ্গুর আলম, সমাজসেবক মোশাহিদ আলী, আব্দুল হাই বশির, তরুণ সমাজসেবক ও সাংবাদিক সাইফুল আলম, মিডওয়াইফ রেহেনা খাতুন ও সেহনী খাতুনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় যুব অর্থনৈতিক ক্ষমতায়নের গুরুত্ব, যুবকদের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি, উদ্যোক্তা হওয়ার সুযোগ এবং আয়বর্ধক কর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি যুবকদের কর্মসংস্থান ও ব্যবসায় আগ্রহের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা, তার সম্ভাব্য সমাধান এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়েও আলোচনা হয়।
আলোচনায় যুবক-যুবতীরা নিজেদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার জন্য সেলাই মেশিন, ফ্রিল্যান্সিং ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ, পশুপালনসহ বিভিন্ন আয়বর্ধক কর্মসংস্থানের সুযোগ ও প্রয়োজনীয় সরঞ্জাম সহায়তার দাবি জানান।
বক্তারা বলেন, যুব সমাজকে দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় উপকরণ ও সহযোগিতা নিশ্চিত করা জরুরি। স্থানীয় পর্যায়ে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, ব্যবসায়ী, কৃষি ও প্রাণিসম্পদ সংশ্লিষ্ট ব্যক্তি এবং নিয়োগকর্তাদের সমন্বিতভাবে কাজ করলে যুবকদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ আরও বাড়বে।
সভায় স্থানীয় যুবকদের চিহ্নিত সমস্যা ও প্রয়োজন অনুযায়ী করণীয় নির্ধারণ, সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়িত্ব বণ্টন এবং পরবর্তী কার্যক্রমের বিষয়ে আলোচনা করা হয়।
সভার শেষে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
যোগাযোগ
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।