এস ডব্লিউ সাগর তালুকদার
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদ হলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নারী ও কিশোরীদের সহনশীলতা উন্নয়ন বিষয়ক কমিউনিটি রেসপন্স ভলান্টিয়ারদের দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ‘জলবায়ু পরিবর্তনে নারী ও কিশোরীদের সহনশীলতা উন্নতিকরণ প্রকল্পের’ আওতায় এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।
পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে প্রশিক্ষণ প্রদান করেন পান্ডারগাঁও ইউনিয়নের দ্বায়ীত্বরত কর্মকর্তা রিয়াজুল ইসলাম ইউএফ (পিএইচডি)
প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের কারণে নারী ও কিশোরীদের ওপর সৃষ্ট বিভিন্ন ঝুঁকি, দুর্যোগের সময় করণীয়, স্থানীয় পর্যায়ে প্রস্তুতি গ্রহণ, নিরাপদ আশ্রয়, স্বাস্থ্য ও নিরাপত্তা এবং দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবকদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে নারী ও কিশোরীরা অনেক ক্ষেত্রে বাড়তি ঝুঁকির মুখে পড়ে। তাই দুর্যোগের আগে প্রস্তুতি, দুর্যোগকালীন দ্রুত ও সমন্বিত সাড়া এবং দুর্যোগ-পরবর্তী সহায়তা নিশ্চিত করতে কমিউনিটি পর্যায়ে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক গড়ে তোলা জরুরি।
তারা আরও বলেন, নারী ও কিশোরীদের সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ বাড়ানো, তাদের প্রয়োজন ও নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া এবং স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা সৃষ্টি করতে কমিউনিটি রেসপন্স ভলান্টিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় পরিবার, সমাজ ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা পরিদর্শক রেদওয়ানুর রহমান, স্বেচ্ছাসেবক মুজাহিদুল ইসলাম, ওয়ালিদ আহমদ, জমসিদ আলী, সমাজসেবক সাইফুল আলম, জায়েদ আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবকরা।
দিনব্যাপী এ ওরিয়েন্টেশনে অংশগ্রহণকারীদের জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলা, ঝুঁকি চিহ্নিতকরণ, নারী ও কিশোরীদের সুরক্ষা এবং কমিউনিটি পর্যায়ে কার্যকরভাবে সাড়া দেওয়ার বিভিন্ন বিষয়ে ধারণা ও প্রশিক্ষণ দেওয়া হয়।
যোগাযোগ
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।