শান্ত দেদুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি
নানা আয়োজন ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নেত্রকোণার সীমান্তবর্তী দুর্গাপুরে পালিত হয়েছে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস।
এ উপলক্ষে মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে দুর্গাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এবং কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চলের বাস্তবায়নে উপজেলার সর্বস্তরের প্রবীণদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি উপজেলা চত্বর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, এতে প্রবীণদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।
শোভাযাত্রা শেষে কারিতাস কর্মকর্তা সারেন তজুর সঞ্চালনায় এবং প্রবীণ ব্যক্তিত্ব নুরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারেক হোসেন, কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস,অধ্যক্ষ শহিদুল্লাহ খান, দুর্গাপুর পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ গনি, বিরিশিরি ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক ফকির, দুর্গাপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ্ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও প্রবীণ ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ। তাঁদের অভিজ্ঞতা, জ্ঞান ও মূল্যবোধ নতুন প্রজন্মের জন্য পথপ্রদর্শক। তাই প্রবীণদের প্রতি সম্মান, নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে প্রয়োজনীয় সহযোগিতা করা সবার দায়িত্ব।
বক্তারা প্রবীণদের কল্যাণে সরকারি-বেসরকারি উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রবীণদের একাকীত্ব দূর করে পরিবার ও সমাজের মূলধারায় তাঁদের সম্পৃক্ত রাখার আহ্বান জানান।
যোগাযোগ
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।