কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ফ্রেন্ড সার্কেল একতা ক্লাব
ঢাকা প্রতিনিধি
মোঃ মেহেদী হাসান রানা
কাঁঠালিয়া উপজেলার ১ নম্বর চেঁচরীরামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চেঁচরী সাটকুড়ার মোড় সংলগ্ন মাদ্রাসা মাঠে শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে দক্ষিণ চেঁচরী যুব ক্লাবের উদ্যোগে আয়োজিত এ ফাইনাল ম্যাচে সাটকুড়া জুনিয়র একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ফ্রেন্ড সার্কেল একতা ক্লাব।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্লাবের সভাপতি মাহফুজুর রহমান গাজী উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে সামাজিক ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
ক্লাবের সভাপতি মাহফুজুর রহমান গাজী জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ ধারার বিনোদন ও খেলাধুলায় উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।
যোগাযোগ
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।