
মোঃ নাজমুল হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:
দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে পুনরায় চালু হলো চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (হারদি)-এর অপারেশন থিয়েটার। এর ফলে এলাকার সাধারণ মানুষ এখন স্থানীয় পর্যায়েই বিভিন্ন ধরনের অস্ত্রোপচার ও জরুরি চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।
অপারেশন থিয়েটারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য, জনতার এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চিকিৎসক, নার্স এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি মাসুদ পারভেজ রাসেল বলেন, স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একটি উপজেলার মানুষের জন্য কার্যকর ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অপারেশন থিয়েটারের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, ওটি চালুর মাধ্যমে রোগীদের ভোগান্তি অনেকাংশে কমে আসবে।
তিনি আরও বলেন, আগে সাধারণ অস্ত্রোপচার কিংবা জরুরি চিকিৎসার প্রয়োজন হলে রোগীদের জেলা সদর বা দূরবর্তী হাসপাতালে যেতে হতো। এতে সময়, অর্থ ও কষ্ট বেড়ে যেত। এখন আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়া সম্ভব হবে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, অপারেশন থিয়েটার পুনরায় চালু হওয়ায় স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার মান আরও বৃদ্ধি পাবে। বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী এর সুফল ভোগ করবেন। অনেক রোগীকে আর দূরবর্তী হাসপাতালে যেতে হবে না।
এদিকে ওটি চালু হওয়ার খবরে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী বলেন, দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি পূরণ হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও সহজে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, অপারেশন থিয়েটার পুনরায় চালুর মাধ্যমে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কার্যক্রমে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। এটি শুধু স্বাস্থ্যসেবার মানোন্নয়নই নয়, বরং এলাকার মানুষের চিকিৎসা নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।