
এস ডব্লিউ সাগর তালুকদার
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ দোয়ারাবাজার উপজেলা শাখার সম্মেলন স্থানীয় উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন ২০২৬ ইংরেজি ) বিকালে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন এবং রাজনৈতিক দলগুলোকে আত্মসমালোচনার আহ্বান জানান।
উপজেলা সভাপতি মাওলানা কাজী আব্দুল কাদিরের সভাপতিত্বে এবং মাওলানা মর্তুজ আলীর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি বলেন, জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া প্রত্যেক মানুষের দায়িত্ব। কোনো জালিমের পক্ষাবলম্বন করা কিংবা অন্যায়ের সঙ্গে আপস করা ইসলামের শিক্ষা নয়।
তিনি বলেন, “জুলাই আন্দোলনের পর বিভিন্ন রাজনৈতিক দল একযোগে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আখ্যা দিয়েছিল। কিন্তু বর্তমানে একই রাজনৈতিক মহল সরকারের সমালোচনা করে তাকে ‘নব্য ফ্যাসিস্ট’ বলছে। তাহলে পুরনো ও নতুন ফ্যাসিবাদের মধ্যে পার্থক্য কী, সেটি জনগণের সামনে স্পষ্ট করা প্রয়োজন।
মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী আরও বলেন, দেশের বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোর উচিত পারস্পরিক মতভেদ ও বিভাজন ভুলে জনগণের কল্যাণে কাজ করা। জাতীয় ঐক্য, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা ড. মইনুল ইসলাম পারভেজ, বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আজির উদ্দীন পাশা, সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাহমুদুর রহমান আজাদ, সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল, বুরাইয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস ছালাম, ছাতক জালালিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, মাওলানা সৈয়দ মুনতাসির আলী, মাওলানা ইউনুস আহমদ, মাওলানা সাদিকুর রহমান, দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল বাছিত খান, আনজুমানে তালামিযে ইসলামিয়ার দোয়ারাবাজার (পশ্চিম) উপজেলা শাখার সভাপতি লায়েক সোহাগ, (পূর্ব) উপজেলা শাখার সভাপতি শাহান আহমদ, লতিফিয়া ক্বারী সোসাইটি দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের দোয়ারাবাজার শাখার সভাপতি হাফিজ বুরহান উদ্দীন লায়েক এবং আনজুমানে আল ইসলাহ দোয়ারাবাজার (পশ্চিম) উপজেলা শাখার হাফিজ শরিয়ত আলী।
এছাড়াও কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত থেকে সাংগঠনিক কার্যক্রম, জাতীয় পরিস্থিতি এবং উম্মাহর কল্যাণে করণীয় বিষয়ে বক্তব্য রাখেন।
আরও উপস্থিত ছিলেন শাখার সাবেক সভাপতি হাফিজ মইনুল ইসলাম, পান্ডারগাঁও ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাফিজ আব্দুর রউফ, মাওলানা জমির উদ্দীন, মইনুল হক, হাফিজ হাসনাত আহমদ, মাহবুবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলন শেষে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।