
এস ডব্লিউ সাগর তালুকদার,সুনামগঞ্জজেলা প্রতিনিধি:
যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায় — এই চিরন্তন অনুভূতিকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের হাজী কনু মিয়া স্কুল ও কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন ২০২৬) সকাল ১১টায় কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ রফিজ আলী সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সাবেক সভাপতি হাফিজ আমীন উদ্দিন, সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুল মানিক মাস্টার, সমাজসেবক ওলিউর রহমান, মাওলানা আব্দুল হক, সাংবাদিক এস ডব্লিউ সাগর তালুকদার, সহকারী শিক্ষক জয়নাল আবেদিন, আসকর আলী, হেলাল আহমেদসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক জুলফিকার আলম। পবিত্র কোরআন তেলাওয়াত করেন নবম শ্রেণির ছাত্রী ফাহিমা বেগম।
বিদায়ী বক্তব্যে বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া ব্যক্তি, সমাজ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে নিজেদের গড়ে তুলতে হবে।
অধ্যক্ষ রফিজ আলী তাঁর বক্তব্যে বলেন, তোমরা আমাদের প্রতিষ্ঠানের গর্ব। জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, অধ্যবসায় ও পরিশ্রমকে সঙ্গী করে এগিয়ে যাবে। তোমাদের সাফল্যই হবে এই প্রতিষ্ঠানের সাফল্য।
বিশেষ অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরীক্ষাকে ভয় নয়, আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবিলা করতে হবে। নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার এবং মহান আল্লাহর প্রতি ভরসা রেখে এগিয়ে গেলে সফলতা অবশ্যই আসবে।
এ সময় বিদায়ী শিক্ষার্থীরা তাদের বিদ্যালয় জীবনের নানা স্মৃতিচারণ করে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। পরে পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিবৃন্দ বিদায়ী পরীক্ষার্থীদের জন্য শুভকামনা জানান এবং তাদের জীবনের নতুন অধ্যায়ের সফল যাত্রা কামনা করেন।