
পুলক কুমার সরকার,জয়পুরহাট জেলা প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনায় বাংলাদেশ এক্স সোলজার অ্যাসোসিয়েশন, জয়পুরহাট শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) জয়পুরহাট সদর উপজেলার হেলকুন্ডা উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
বাংলাদেশ এক্স সোলজার অ্যাসোসিয়েশন, জয়পুরহাট শাখার সভাপতি (অব.) ক্যাপ্টেন রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলজার হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিক, জেলা কৃষক দলের সদস্য সচিব মুনজুরে মাওলা পলাশ, এক্স সোলজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ওয়ারেন্ট অফিসার (অব.) আব্দুর রহিমসহ হেলকুন্ডা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী এবং পুরানাপৈল ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদ রানা প্রধান বলেন, “মানুষের বেঁচে থাকার জন্য গাছের বিশেষ ভূমিকা রয়েছে। আজ যে গাছ আমরা রোপণ করছি, সেটিই আগামী দিনের সম্পদ। তাই প্রত্যেকের উচিত অন্তত একটি করে গাছ রোপণ করা এবং তার পরিচর্যা করা।”
প্রধান বক্তা গোলজার হোসেন বলেন, “একটি গাছকে সন্তানের মতো যত্ন করে লালন-পালন করলে ১৫ বছর পর সেটি মূল্যবান সম্পদে পরিণত হয়। পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়তে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে।”
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।