
মোঃ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক বলেছেন, ধানঘরা মডেল উচ্চ বিদ্যালয়কে সরকারি করার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এ বিষয়ে তিনি ডিও (ডেমি-অফিসিয়াল) লেটার দিয়েছেন, যা প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা হয়েছে বলে জানান।
শনিবার (১১ জুলাই) সকালে সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ধানঘরা মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্বও পালন করছেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ভিপি মো. আয়নুল হক বলেন, “বিগত আওয়ামী লীগ সরকার রায়গঞ্জ উপজেলার একটি প্রত্যন্ত এলাকার বিদ্যালয়কে সরকারি করেছে। অথচ ধানঘরা মডেল উচ্চ বিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় একটি শিক্ষাপ্রতিষ্ঠান এখনও সরকারি হয়নি। বিষয়টিকে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। বিদ্যালয়টি সরকারি করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ইতোমধ্যে ডিও লেটার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে সরকারের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষানুরাগীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, সহ-সভাপতি মো. খায়রুল ইসলাম, রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হাতেম আলী সুজন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রাশেদুল হাসান মিরন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, নবগঠিত অ্যাডহক কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানটিকে সরকারি করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।