
শান্ত দে , দুর্গাপুর (নেত্রকোনা):
নেত্রকোনার দুর্গাপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষাদানে নিয়োজিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘দেশ বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়’ পরিদর্শন করেছেন দুর্গাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান।
গতকাল (১৪ জুলাই) বিকেলে তিনি বিদ্যালয়টি পরিদর্শনে যান। পরিদর্শনকালে তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমি সুপারভাইজার (মোহাম্মদ নাসির উদ্দিন)।
পরিদর্শনকালে সহকারী কমিশনার (ভূমি) বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের পড়ালেখা ও খোঁজখবর নেন। তিনি শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে শিক্ষকদের ভূমিকার প্রশংসা করেন এবং এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। একই সাথে সমাজের এই অবহেলিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডির সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে কর্মকর্তা দ্বয় উপস্থিত সবার সাথে এক সৌজন্য ও মতবিনিময় সভায় মিলিত হন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন।