
নিজস্ব প্রতিবেদক:
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর জামজামি বাজার এজেন্ট শাখার স্বত্বাধিকারী মনিরুল ইসলাম-এর সঞ্চালনায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামি বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর এজেন্ট ব্যাংকিং শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় জামজামি বাজার এজেন্ট ব্যাংকিং শাখা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর আলমডাঙ্গা শাখার ম্যানেজার মো. তকিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অফিসার মো. শাহজামাল।
বিশেষ মেহমান হিসেবে বক্তব্য দেন জামজামি বাজার কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. গোলাম শওকত এবং জামজামি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলম শাহ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা সমাজসেবা সম্পাদক মো. আলতাফ হোসাইন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং ব্যাংকের বিপুল সংখ্যক গ্রাহক।
প্রধান অতিথির বক্তব্যে মো. তকিয়ার রহমান বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দক্ষিণ এশিয়ার প্রথম শরী’আহভিত্তিক সুদমুক্ত বাণিজ্যিক ব্যাংক হিসেবে ১৯৮৩ সালের ৩০ মার্চ যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই ব্যাংকটি শরী’আহভিত্তিক সুদমুক্ত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে।
তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, বৈদেশিক রেমিট্যান্স আহরণ, আমানত সংগ্রহ, বিনিয়োগ বৃদ্ধি এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে ইসলামী ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার ধারাবাহিকতায় জামজামি বাজার এজেন্ট শাখা সফলভাবে কার্যক্রম পরিচালনা করছে।
সমাবেশে গ্রাহকরা ব্যাংকের বিভিন্ন সেবা সম্পর্কে প্রশ্ন করেন এবং কর্মকর্তারা সেসব প্রশ্নের উত্তর দেন। এ সময় গ্রাহকদের সুবিধার্থে জামজামি বাজারে একটি এটিএম বুথ স্থাপনের আশ্বাস দেন ব্যাংক কর্তৃপক্ষ।
অনুষ্ঠানের শেষপর্বে ঘোষবিলা জামে মসজিদের খতিব মাওলানা আবুল কালাম আজাদ দেশ, জাতি ও ব্যাংকের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
গ্রাহক, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা গ্রামীণ জনগণের দোরগোড়ায় শরী’আহভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ইসলামী ব্যাংকের এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।