
তাহামিনা আক্তার, কেরানীগঞ্জ ঢাকা:
ঝালকাঠি শহরের কবিরাজ বাড়ি এলাকার খামার বাড়ি থেকে মুরসালিনের দোকান হয়ে বড়বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থার প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। সড়ক সংস্কারের দাবিতে তারা সড়কের বিভিন্ন স্থানে কচুগাছ রোপণ করে ক্ষোভ প্রকাশ করেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরে গেছে। সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান পানি জমে চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সড়কের পানি আশপাশের বসতবাড়িতেও ঢুকে পড়ে। এতে প্রতিদিন শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ হাজারো মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
সোমবার বিকেলে প্রায় আধাঘণ্টাব্যাপী প্রতীকী এ কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য দেন স্থানীয় সাফায়াত হোসেন, শফিকুল ইসলাম সুজন, রুমা আক্তার, হারুন অর রশীদ, রিয়াজ হাওলাদার ও ইউনুস হাওলাদার। বক্তারা দ্রুত সড়কটি সংস্কার এবং স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।
স্থানীয়দের ভাষ্য, সর্বশেষ ২০১২ সালে সড়কটির সংস্কার করা হলেও এরপর আর কোনো বড় ধরনের উন্নয়নকাজ হয়নি। ফলে প্রতি বর্ষা মৌসুমে সড়কটি জনদুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।
এ বিষয়ে ঝালকাঠি পৌরসভার নির্বাহী প্রকৌশলী টি. এম. রেজাউল হক রিজভী বলেন, ড্রেনেজ ব্যবস্থাসহ সড়ক সংস্কারের জন্য ইতোমধ্যে দরপত্র (টেন্ডার) সম্পন্ন হয়েছে। তবে অর্থায়নসংক্রান্ত জটিলতার কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করতে পারেনি। সমস্যার সমাধান করে দ্রুত কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে প্রয়োজনীয় তাগিদ দেওয়া হয়েছে বলে তিনি জানান।