
মো: এম এ নুর ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কাদশুকা এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই, ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী উপজেলার কাদশুকা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসুল।
গ্রেফতারকৃতরা হলেন— মো. হুমায়ুন কবির (৩৫), পিতা: মো. মজিবর রহমান, গ্রাম: মহেষমারী এবং মো. আনোয়ার ইউসুফ (৪৫), পিতা: মৃত আব্দুর রাজ্জাক, গ্রাম: কাদশুকা, উপজেলা: বালিয়াডাঙ্গী।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৫৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।
ডিবির অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসুল বলেন, জেলায় মাদক নির্মূলে জেলা গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও চলবে।