
ঘোড়াঘাট (দিনাজপুর),সাকিব হাসান নাইম:
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত প্রাথমিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে হামিদা-বশরত কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল। দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি শিক্ষার আলো ছড়িয়ে স্থানীয় শিক্ষার্থীদের জন্য আস্থার ঠিকানায় পরিণত হয়েছে।
নবাবগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে হাতিশাল নতুন বাজার এলাকায় অবস্থিত বিদ্যালয়টি ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই শিশুদের মানসম্মত শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সৃজনশীলতা বিকাশে কাজ করে আসছে প্রতিষ্ঠানটি।
বর্তমানে বিদ্যালয়ে প্রায় ১০৫ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। পাঠদান কার্যক্রম পরিচালনায় রয়েছেন ৫ জন দক্ষ শিক্ষক-শিক্ষিকা। শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও গুরুত্ব দেওয়া হয় প্রতিষ্ঠানটিতে।
সম্প্রতি বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি আয়োজিত ২০২৬ সালের বৃত্তি পরীক্ষায় বিদ্যালয়ের মোট ৯ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ৬ জন ট্যালেন্টপুলে এবং ৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে প্রতিষ্ঠানের সাফল্যে নতুন মাত্রা যোগ করেছে।
বিদ্যালয়টিতে রয়েছে ৭টি শ্রেণিকক্ষ, একটি অফিস কক্ষ এবং শিক্ষার্থীদের খেলাধুলার জন্য একটি প্রশস্ত খেলার মাঠ। মনোরম ও শিক্ষাবান্ধব পরিবেশে পাঠদানের কারণে অভিভাবকদের কাছেও বিদ্যালয়টির গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
বিদ্যালয়ের পরিচালক মাওলানা মো. জাহিদুল ইসলাম বলেন, “শিশুদের জন্য সুন্দর, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে শিক্ষা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। বর্তমানে অভিভাবকদের মধ্যে মানসম্মত প্রাথমিক শিক্ষার প্রতি আগ্রহ বেড়েছে। আমরা শিক্ষার্থীদের শুধু বইয়ের জ্ঞান নয়, নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও সৃজনশীলতা বিকাশেও সমান গুরুত্ব দিয়ে থাকি।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিনহাজুল ইসলাম বলেন, “শিশুদের প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে আমরা বদ্ধপরিকর। প্রতিটি শিক্ষার্থীর মেধা ও প্রতিভা বিকাশে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”
স্থানীয় অভিভাবক ও বাসিন্দারা জানান, এলাকায় এমন একটি মানসম্মত কিন্ডারগার্টেন প্রতিষ্ঠিত হওয়ায় তাদের সন্তানদের দূরে পাঠাতে হচ্ছে না। উন্নত শিক্ষার পরিবেশ, নিয়মিত পাঠদান এবং ভালো ফলাফলের কারণে দিন দিন বিদ্যালয়টির প্রতি মানুষের আস্থা বাড়ছে।
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠা স্থানীয় শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হামিদা-বশরত কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল সেই লক্ষ্য পূরণে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।