
এস ডব্লিউ সাগর তালুকদার
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের আইডিয়াল কিন্ডারগার্টেনে ২০২৬ সালের ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিদ্যালয় হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, ফলাফল পর্যালোচনা এবং শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারুল হেরা আলীম মাদ্রাসার সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন, আইডিয়াল কিন্ডারগার্টেনের সভাপতি সিদ্দিকুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা আংগুর আলম, বিদ্যালয়ের পরিচালক সদস্য বিলাল হোসেন ও জাহাঙ্গীর আলমসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
আলোচনায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি তাদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও মানবিক মূল্যবোধের প্রতি গুরুত্ব দিতে হবে। একটি শিশুর শিক্ষাজীবনের ভিত্তি মজবুত করতে বিদ্যালয়ের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বক্তারা আরও বলেন, নিয়মিত পাঠদান, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ যত্ন, নিয়মিত মূল্যায়ন এবং অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের সমন্বিত যোগাযোগ নিশ্চিত করা গেলে শিক্ষার মান আরও উন্নত করা সম্ভব। শিক্ষার্থীদের শুধু পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলি, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
অভিভাবকদের উদ্দেশে বক্তারা বলেন, সন্তানদের পড়াশোনার পাশাপাশি তাদের দৈনন্দিন আচরণ ও মানসিক বিকাশের দিকেও নজর দিতে হবে। বিদ্যালয় ও পরিবারের সম্মিলিত প্রচেষ্টায় একজন শিক্ষার্থীকে আদর্শ, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।
পরে ২য় প্রান্তিক মূল্যায়নে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হয়। এ সময় শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার গুণগত মানোন্নয়ন, আধুনিক ও যুগোপযোগী পাঠদান পদ্ধতি এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।