
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে সক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় লিঙ্গভিত্তিক সামাজিক বৈষম্য দূরীকরণ, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যম বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় দিনাজপুর শহরের ঘাসিপাড়া এফপিএবি হলরুমে এ সভার আয়োজন করে উদয়মান সমাজকল্যাণ সংস্থা। সমতায় তারুণ্য (SHOMOTAY TARUNNO) প্রকল্পের আওতায় জাগো ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতা এবং অর্থায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল ও কিংডম অব দ্য নেদারল্যান্ডস।
উদয়মান সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর সমাজসেবা কর্মকর্তা মো. মহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি মোফাচ্ছিলুল মাজেদ, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল এবং সোশ্যাল নেটওয়ার্ক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. নাঈম ইসলাম। এ ছাড়া সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, সমাজে প্রচলিত লিঙ্গভিত্তিক নেতিবাচক ধারণা ও বৈষম্য দূর করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং স্থানীয় প্রশাসনের সমন্বিত ভূমিকা প্রয়োজন। একই সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, অনলাইন হয়রানি প্রতিরোধ এবং দায়িত্বশীল আচরণ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে।
বক্তারা আরও বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে গণমাধ্যম সম্পর্কে যথাযথ ধারণা ও তথ্য যাচাইয়ের সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল তথ্য ও অপপ্রচার প্রতিরোধে গণমাধ্যম-সচেতনতা এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায় কার্যকর প্রচার-প্রচারণা জোরদার করতে হবে।
সভায় স্থানীয় পর্যায়ে এসব বিষয়ে সচেতনতা বৃদ্ধি, নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দক্ষতা ও সক্ষমতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।